বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সুইস স্কি রিসোর্টে নববর্ষের পার্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪০

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্রঁস-মঁতানায় নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১৫ জন। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে জনপ্রিয় পানশালা ‘লে কনস্টেলেশন’-এ আগুন লাগে। নববর্ষ উদযাপনে ভিড় জমা থাকায় আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেকে জানালা ভাঙার চেষ্টা করছিলেন এবং দগ্ধ শরীর নিয়ে বাইরে ছুটে আসছিলেন।

ওয়ালিস ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেডেরিক গিসলার জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। জরুরি পরিষেবার সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছেন। আহতদের জুরিখ, লোজান ও জেনেভার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানশালার বেসমেন্ট থেকে আগুন শুরু হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কনসার্ট চলাকালে আতশবাজির কারণে আগুন লাগতে পারে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন ঘটনাটিকে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যা আনন্দের মুহূর্ত হওয়ার কথা ছিল, তা বছরের প্রথম দিনটিকে শোকে পরিণত করেছে। নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত দুইজন ফরাসি নাগরিক আহত হয়েছেন।

ক্রঁস-মঁতানা সুইজারল্যান্ডের ভ্যালাইস অঞ্চলে অবস্থিত একটি বিলাসবহুল স্কি রিসোর্ট। এটি ব্রিটিশ পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। রিসোর্টটিতে ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে এবং চলতি জানুয়ারির শেষ দিকে এখানে এফআইএস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে।