জাপানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তাইওয়ানকে ঘিরে বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে চীন। সোমবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জাস্ট মিশন ২০২৫’। বেইজিং জানিয়েছে, তাইওয়ানের স্বাধীনতার চেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া এবং নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্স এতে অংশ নিচ্ছে। ইস্টার্ন থিয়েটার কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণ করা হবে। এজন্য দ্বীপটিকে ঘিরে পাঁচটি বিশেষ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা এসব অঞ্চলের আকাশ ও সমুদ্র সীমায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।
২০২২ সালে আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে এ নিয়ে ষষ্ঠবার বড় ধরনের মহড়া চালাচ্ছে চীন। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কড়া হুঁশিয়ারির পর এ উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানে চীন সামরিক অভিযান চালালে টোকিও পাল্টা জবাব দেবে।
ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ই বলেন, “এই মহড়া তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদী এবং বাইরের হস্তক্ষেপকারী শক্তির জন্য গুরুতর সতর্কবার্তা।” তিনি জানান, সমুদ্র ও আকাশ পথে যুদ্ধপ্রস্তুতির প্রশিক্ষণ, গুরুত্বপূর্ণ বন্দর অবরোধ এবং বহুমুখী প্রতিরোধ গড়ে তোলাই মহড়ার লক্ষ্য।
চীনের সামরিক বাহিনী মহড়া উপলক্ষে একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে, যার শিরোনাম ‘শিল্ডস অব জাস্টিস : স্ম্যাশিং ইলুশনস’। পোস্টারে সামরিক প্রতীক খচিত সোনালি ঢাল, যুদ্ধজাহাজ ও বিমানের ছবি ব্যবহার করে শক্তিমত্তার বার্তা দেওয়া হয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এবারই প্রথম চীন প্রকাশ্যে স্বীকার করেছে, মহড়ার লক্ষ্য শুধু তাইওয়ান নয়; বরং বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ প্রতিরোধ করা। আমেরিকা সম্প্রতি তাইওয়ানের কাছে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এর মাত্র ১১ দিনের মাথায় চীন এই মহড়া শুরু করল, যা এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
ইতিহাসে চীন ও জাপান দুবার যুদ্ধে জড়িয়েছে— প্রথমবার ১৮৯৪ সালে এবং দ্বিতীয়বার ১৯৩৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই প্রেক্ষাপটেই বর্তমান উত্তেজনা নতুন করে গুরুত্ব পাচ্ছে।




