দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাত বন্ধে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ২০ দিনের সংঘাতে দুই পক্ষের ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় পাঁচ লাখ বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। এটি ছিল সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ সংঘাত।
থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথফোন নাকফানিট এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সিহা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্তে মোতায়েন সেনাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। কোনো পক্ষই নতুন করে সেনা সমাগম বা উসকানিমূলক সামরিক তৎপরতা চালাতে পারবে না।
আল জাজিরা ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সমঝোতা সম্ভব হয়েছে। সংঘাত চলাকালে কম্বোডিয়া থাইল্যান্ডের বিরুদ্ধে বোমাবর্ষণের অভিযোগ তুলেছিল।
দীর্ঘদিন ধরে পান্না ত্রিভুজ বা এমারেল্ড ট্রায়াঙ্গল নামের ভূখণ্ড নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে অবস্থিত এই অঞ্চলে প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা রয়েছে। ১৯০৭ সালে ফ্রান্স প্রকাশিত মানচিত্রে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে দেখানো হয়, যা থাইল্যান্ড তখন থেকেই প্রত্যাখ্যান করে আসছে। স্বাধীনতার পরও কম্বোডিয়া অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে।
এর আগে গত জুলাই মাসে সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনারা। পাঁচ দিনের সেই সংঘাতে ৪৮ জন নিহত হন এবং তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে আমেরিকা ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ।
বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক পদক্ষেপ এবং সীমান্ত বিরোধের স্থায়ী সমাধানের ওপর। আপাতত উভয় দেশের সামরিক বাহিনীকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




