মালয়েশিয়ার বহুল আলোচিত ওয়ানএমডিবি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্ট তাঁকে ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করে। বিচারক কলিন লরেন্স সিকুয়েরাহ রায়ের সময় বলেন, আসামির বিরুদ্ধে আনা সব সাজার মেয়াদ একই সঙ্গে কার্যকর হবে।
পুত্রাজায়া থেকে এএফপি জানায়, আদালত নাজিবকে ১১৪০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ২৮০ কোটি ডলার) অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এক দশকেরও বেশি আগে এখন বিলুপ্ত ওয়ানএমডিবি থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনায় তার ভূমিকার জন্য এ সাজা দেওয়া হয়।
৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত চারটি এবং অর্থ পাচারের ২১টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, তিনি ওয়ানএমডিবি নামের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে প্রায় ২২০ কোটি মালয়েশীয় রিঙ্গিত অবৈধভাবে নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবগুলোয় স্থানান্তর করেছিলেন। কৌঁসুলিরা জানান, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ানএমডিবি সার্বভৌম সম্পদ তহবিল থেকে নাজিবের অ্যাকাউন্টে প্রায় ২.২ বিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত অবৈধভাবে স্থানান্তর করা হয়েছিল। আদালতে নাজিব দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে বিচারক বলেন, তাঁর বিরুদ্ধে থাকা অকাট্য প্রমাণ এসব যুক্তিকে মিথ্যা প্রমাণ করেছে।
এর আগে ২০২০ সালে নাজিবকে ওয়ানএমডিবি তহবিল থেকে প্রায় ৯.৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরে কমিয়ে ছয় বছরে আনা হয়।
সর্বশেষ এই রায়কে নাজিবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে সরাসরি বিপুল অঙ্কের অর্থ কেলেঙ্কারি জড়িত। রাজনৈতিক বিশ্লেষক জেমস চাইর মতে, নাজিবের বিরুদ্ধে অভিযোগের পরিধি সত্ত্বেও কিছু মালয়েশীয় নাগরিকের মধ্যে তিনি এখনো জনপ্রিয়। তবে শুক্রবারের রায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঐক্য সরকারের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইউএমএনও জোটের সদস্য হওয়ায় দলটির ভেতরে সরকার থেকে সরে যাওয়ার আহ্বান আরও জোরালো হতে পারে।
এই রায় মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।




