বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কর্ণাটকে ট্রাক-বাস সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৭

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষের পর এই অগ্নিকাণ্ড ঘটে। এতে আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

বেঙ্গালুরু থেকে শিমোগা যাচ্ছিল বেসরকারি মালিকানাধীন একটি স্লিপার বাস। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে বাসটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাসের জ্বালানি ট্যাংক ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই আটজন বাসযাত্রী ও ট্রাকচালকের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

বেঁচে ফেরা যাত্রী আদিত্য জানান, সংঘর্ষের পরপরই চারদিকে মানুষের আর্তনাদ শুরু হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বাসের মূল দরজা খোলা সম্ভব হয়নি। প্রাণ বাঁচাতে মরিয়া যাত্রীরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। কয়েকজনকে টেনে বের করা গেলেও দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের কারণে অনেককে বাঁচানো সম্ভব হয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রাকটি সরাসরি বাসের তেলের ট্যাংকে আঘাত করায় জ্বালানি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুর্ঘটনার ফলে তুমকুর রোডে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে।

গত নভেম্বর মাসেও তেলেঙ্গানায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২০ জন বাসযাত্রী নিহত হয়েছিলেন। কর্ণাটকের এই সাম্প্রতিক দুর্ঘটনা ভারতে সড়ক নিরাপত্তার দুর্বলতা ও যানবাহনের যান্ত্রিক ত্রুটির বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।