পাকিস্তানের প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান ‘কিং আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের জারি করা রাজকীয় ডিক্রি অনুসারে এই পদক প্রদান করা হয়েছে। এটি সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে বিবেচিত।
সরকারি সফরে সৌদি আরব অবস্থানকালে আসিম মুনির দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সমন্বয় এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এই সম্মান আসিম মুনিরের বিশিষ্ট সামরিক নেতৃত্ব, পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত সমন্বয় ও প্রতিষ্ঠানগত সংযোগ বৃদ্ধিতে তার ভূমিকা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদানের স্বীকৃতি। বিশেষ করে সন্ত্রাসবাদ দমন ও নিরাপত্তার ক্ষেত্রে তার অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সৌদি নেতৃত্ব আসিম মুনিরের পেশাদার সক্ষমতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে। মুনির নিজেও বাদশাহ সালমান ও সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে এই সম্মানকে দুই দেশের স্থায়ী বন্ধনের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।
ফলে পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘমেয়াদি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রতীক হয়ে উঠেছে এই সম্মাননা।




