বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সংঘর্ষ থামাতে থাই-কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের ফোন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে তিনি সংলাপের আহ্বান জানান।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে রবিবার (২১ ডিসেম্বর) আনোয়ার দুই নেতার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি এক্স-পোস্টে উল্লেখ করেন, “আমি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের জন্য সংলাপ, প্রজ্ঞা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনা মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছি— যাতে উত্তেজনার অবসান ঘটে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে।”

গত অক্টোবরে কুয়ালালামপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। তবে সম্প্রতি সীমান্তবর্তী একটি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই সৈন্যরা গুরুতর আহত হওয়ার পর থাইল্যান্ড চুক্তি স্থগিত করে। এরপর থেকে নতুন করে সহিংসতা শুরু হয়।

আনোয়ার ইব্রাহিমের এই উদ্যোগকে আসন্ন আসিয়ান বৈঠকের আগে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।