বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তাইওয়ানকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে আমেরিকা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীনের ক্রমবর্ধমান সামরিক চাপ মোকাবিলায় তাইওয়ানকে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনে বুধবার এ ঘোষণা দেওয়া হয়, যা তাইওয়ানের ইতিহাসে আমেরিকার অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চুক্তি তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় আট ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে আমেরিকা। এর মধ্যে রয়েছে রকেট উক্ষেপণব্যবস্থা ‘হিমার্স’, হাউইটজার কামান, জ্যাভলিন ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, এই অস্ত্র বিক্রির মূল উদ্দেশ্য হলো তাইওয়ানের সেনাবাহিনীকে আধুনিকায়ন করা এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো।

আমেরিকার পরামর্শে তাইওয়ান তার বাহিনীকে গেরিলা যুদ্ধের উপযোগী করে গড়ে তুলছে। ছোট ও সস্তা কিন্তু কার্যকর ড্রোন ও মোবাইল রকেট ব্যবহার করে চীনের বিশাল বাহিনীকে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। এখন আমেরিকার কংগ্রেসে ৩০ দিনের আইনগত পর্যালোচনা সময়কাল শুরু হয়েছে। যদিও অতীতে কংগ্রেস কোনো বড় অস্ত্র বিক্রি আটকে দিতে পারেনি, তাই বিশ্লেষকদের মতে এই অস্ত্র তাইওয়ানের হাতে পৌঁছানো কেবল সময়ের ব্যাপার।

তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন কুও ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, শক্তির মাধ্যমেই শান্তি রক্ষা সম্ভব এবং তাইওয়ান আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। গত মাসে প্রেসিডেন্ট লাই চিংতে ঘোষণা দেন, ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট অনুমোদিত হবে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় বড় অস্ত্র বিক্রির ঘটনা, যা তাঁর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ঘটল। এমন সময়ে এ ঘোষণা এল, যখন বেইজিং সামরিক ও কূটনৈতিকভাবে তাইওয়ানের ওপর চাপ বাড়াচ্ছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিয়ন্ত্রণে আনার হুমকি দিয়ে আসছে।