বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আফগানিস্তানে এক কোটি ৭০ লাখ মানুষ খাদ্যসংকটের ঝুঁকিতে: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন শীতে আফগানিস্তানে তীব্র খাদ্যসংকটের মুখে পড়তে পারে এক কোটি ৭০ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণ বিভাগের পরিচালক জঁ-মার্তা বাউয়ার জানান, পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে এবং এখনই পদক্ষেপ না নিলে তা ভয়াবহ আকার ধারণ করবে।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বছরের তুলনায় খাদ্য অনিরাপত্তায় ভোগা মানুষের সংখ্যা ৩০ লাখ বেড়েছে। বর্তমানে প্রায় ৪০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

ডব্লিউএফপির রোম সদর দপ্তর থেকে দেওয়া বক্তব্যে বাউয়ার জানান, খরা, ভূমিকম্পে বহু পরিবার দারিদ্র্যের মধ্যে পড়ে যাওয়া, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং ইরান ও পাকিস্তান থেকে ২৫ লাখের বেশি আফগানের জোরপূর্বক প্রত্যাবর্তন—এসব কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ২০২৬ সালেও একই সংখ্যক মানুষ আফগানিস্তানে ফিরে আসতে পারেন।

বর্তমানে আফগানিস্তানে পরিচালিত কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের মাত্র ১২ শতাংশ তহবিল হাতে রয়েছে ডব্লিউএফপির। অর্থের অভাবে সংস্থাটি শীতকালীন প্রস্তুতির স্বাভাবিক কার্যক্রম, যেমন ঝুঁকিপূর্ণ এলাকায় আগে থেকেই খাদ্য মজুদ রাখা, তা করতে পারছে না।

বাউয়ার দাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ছয় মাসে প্রায় ৬০ লাখ মানুষকে জরুরি সহায়তা দিতে ৫৭ কোটি ডলার প্রয়োজন। তাঁর মতে, আফগানিস্তানকে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে রাখতে হবে, কারণ দেশটির ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি।