বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিডনির বন্ডি সৈকতে গুলিবর্ষণে নিহত ১৫, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রবিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে এ হামলার ঘটনা ঘটে। রবিবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুজন বন্দুকধারীর একজন ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। হামলার সময় দুই পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, সৈকতে আতঙ্কে মানুষ ছুটোছুটি করছে। একাধিক গুলির শব্দ ও পুলিশের সাইরেন শোনা গেছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, অভিযান চলছে এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় ইহুদি সম্প্রদায়ের একজন নেতা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ১২ বছরের কন্যাশিশু ও একজন রাব্বি রয়েছেন। হামলাটি ইহুদি অস্ট্রেলীয়দের লক্ষ্য করে চালানো হয়, যখন শত শত মানুষ হানুক্কার প্রথম দিন উদযাপন করতে একত্রিত হয়েছিলেন। ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পুলিশের বরাতে জানা গেছে, হামলাকারীরা ছিলেন বাবা ও ছেলে। ৫০ বছর বয়সী বাবা পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় স্থিতিশীল আছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ হামলাকে “চরম নৃশংসতা” বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, অস্ট্রেলিয়া সরকার ইহুদি-বিরোধী মনোভাব নিয়ে নীরব থেকে আসলে ঘৃণার আগুনে ঘি ঢেলেছে।