দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত থামাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন। শুক্রবার রাতে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। আলোচনায় উভয় নেতা মৌখিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও বাস্তবে সংঘাত থামেনি।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, দুই প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে আলোচনায় গুলিবর্ষণ বন্ধে সম্মত হয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহায়তায় পূর্বের শান্তি চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে শনিবার সকালে থাই প্রধানমন্ত্রী অনুতিন ফেসবুকে পোস্ট দিয়ে জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি ট্রাম্পের দাবি অস্বীকার করে বলেন, সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সৈন্য নিহত হওয়া কোনো দুর্ঘটনা নয়।
থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার চং আন মা এলাকায় চার সৈন্য নিহত হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ১৪ জন থাই সেনা নিহত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছয় দিন ধরে চলা সংঘাতে দুই দেশেই ২০ জনের বেশি নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। সীমান্তের উভয় পাশে প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, থাই সেনারা এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সাতটি বোমা ফেলেছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস জানিয়েছে, পুরসাত প্রদেশের থমোর দা এলাকায় দুটি হোটেলে বোমা হামলা হয়েছে। এছাড়া থাই নৌবাহিনী উপকূল থেকে কামানের গোলা নিক্ষেপ করে কোহ কং প্রদেশে হোটেল ও সৈকতে আঘাত হানে।
চলতি বছরের অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ষষ্ঠ দিনের মতো চলমান এ লড়াই থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে মানবিক সংকটকে আরও ঘনীভূত করছে।




