চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে এখন চার সপ্তাহের মধ্যে ভিসা অনুমোদন দেওয়া হচ্ছে। এ পদক্ষেপকে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের সম্পর্ক উন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করছে।
২০২০ সালে হিমালয় সীমান্তে সেনাদের সংঘর্ষের পর চীনা নাগরিকদের ভারত ভ্রমণ কার্যত বন্ধ হয়ে যায়। ব্যবসায়িক ভিসার ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই চালু হয়। তবে এখন সেই জটিলতা দূর হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, প্রশাসনিক যাচাইয়ের একটি ধাপ বাদ দেওয়ায় ভিসা অনুমোদনের সময়সীমা এক মাসের কমে এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার কঠোর শুল্কনীতির প্রেক্ষাপটে সতর্কভাবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করছেন। কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপ প্রযুক্তিবিদের ঘাটতির কারণে বিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি কমাতে সহায়ক হবে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের হিসাবে, গত চার বছরে কঠোর যাচাইয়ের কারণে ভারতীয় ইলেকট্রনিক্স শিল্পে প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, চীন ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং বিনিময় কার্যক্রম আরও সহজ করতে প্রস্তুত।
শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, শাওমির মতো বড় চীনা কোম্পানিগুলো ভিসা পেতে সমস্যায় পড়ছিল, যা তাদের ভারতের সম্প্রসারণ পরিকল্পনায় বাধা দেয়। সোলার শিল্পেও দক্ষ শ্রমিকের ঘাটতি তৈরি হয়। নতুন সিদ্ধান্তে এসব সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।
লালফিতার দৌরাত্ম্য কমানোর এই পদক্ষেপ মোদির সাম্প্রতিক চীন সফর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর এসেছে। বৈঠক শেষে দুই দেশ ২০২০ সালের পর প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে।
ভারতের সাবেক মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশে এই শিথিলতা আনা হয়। ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের প্রধান পঙ্কজ মোহিন্দরু বলেছেন, সীমান্তবর্তী দেশগুলোর দক্ষ পেশাজীবীদের দ্রুত ভিসা দেওয়ার সিদ্ধান্ত সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির পরিচয়।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কারণে ভারত তার কূটনৈতিক হিসাব-নিকাশ নতুনভাবে সাজাচ্ছে। চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যচুক্তির আলোচনাও একই সময়ে চলছে। মোদি বিদেশি বিনিয়োগে বাধা কমাতে কর হ্রাস ও শ্রম আইন শিথিলের মতো পদক্ষেপও নিয়েছেন।
কর্মকর্তারা আশা করছেন, চীনা পেশাজীবীদের জন্য ভিসা সহজীকরণ সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত করবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে।




