বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

থাই-কম্বোডিয়া সীমান্ত সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিরোধপূর্ণ সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক ডজন। নিহতদের মধ্যে ৯ জন কম্বোডিয়ান বেসামরিক নাগরিক এবং ৫ জন থাই সেনা রয়েছে। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আমেরিকা প্রশাসন এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার (১০ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবেন। এর আগে তাঁর মধ্যস্থতায় গত জুলাইয়ে পাঁচ দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল দুই দেশ।

মঙ্গলবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত সংঘাত নিয়ে কোনো আলোচনার সম্ভাবনা তিনি দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার পর্যায়ে নেই। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের এক উপদেষ্টা বলেছেন, তাদের দেশ যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।

সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক মানবিক সংকট তৈরি হয়েছে। থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি জানিয়েছেন, ৪ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৭০০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কম্বোডিয়ার দৈনিক খেমার টাইমস জানিয়েছে, ভারী অস্ত্র ব্যবহারের ফলে সীমান্ত থেকে ১ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সীমান্তের দুই পাশের কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে জরুরি আশ্রয়কেন্দ্রে রূপান্তর করেছে। সর্বশেষ সংঘর্ষের সূত্রপাতের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

উল্লেখ্য, গত অক্টোবরে কুয়ালালামপুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সোমবার সেই চুক্তি ভঙ্গ করে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী।