মায়ানমার ও আফগানিস্তানসহ বিশ্বের মোট ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের ঘোষণা দেন। এর ফলে এসব দেশের নাগরিকরা আর আমেরিকার গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। ট্রাম্প জানিয়েছেন, জাতীয় ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে গত জুনে ট্রাম্প প্রশাসন এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার তা পূর্ণ নিষেধাজ্ঞায় রূপ নিল। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে এক আফগান শরণার্থী গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। ওই ঘটনার পরই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সম্প্রতি প্রকাশিত তালিকায় মায়ানমার ও আফগানিস্তানের পাশাপাশি রয়েছে চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এ ছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলাও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। জুন মাসে এসব দেশের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবার অভিবাসন কার্যক্রমও পুরোপুরি স্থগিত করা হলো।
নতুন নীতির ফলে তালিকাভুক্ত দেশগুলোর সব প্রক্রিয়াধীন আবেদন স্থগিত থাকবে। একই সঙ্গে এসব দেশের অভিবাসীদের আরও কঠোর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতে সম্ভাব্য সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকার অন্তর্ভুক্ত থাকবে, যাতে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি সম্পূর্ণভাবে মূল্যায়ন করা যায়।
ট্রাম্প প্রশাসনের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তাদের ‘আবর্জনা’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও ‘আবর্জনা’ বলে মন্তব্য করেন। যদিও ইলহান আমেরিকার নাগরিক, তাঁর পূর্বপুরুষরা সোমালিয়ার বাসিন্দা।
এই সিদ্ধান্তে আমেরিকায় অভিবাসন প্রত্যাশী লাখো মানুষ অনিশ্চয়তায় পড়েছেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং বৈশ্বিক অভিবাসন ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে। তবে ট্রাম্প প্রশাসন বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এ সিদ্ধান্ত অপরিহার্য।




