বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮ শতাধিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারি বর্ষণ, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এবং ভূমিধসের কারণে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা–ভূমিধসের ফলে মৃতের সংখ্যা ৮ শতাধিক বেড়ে গেছে।

রবিবার সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলি এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধার ও ত্রাণকর্মীরা বন্যাকবলিত এলাকায় এখনো কাজ চালিয়ে যাচ্ছেন; হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মালাক্কা প্রণালিতে এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া এবং সৃষ্ট বিরল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের পর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয়েছে। বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় ৪৪২ জন, থাইল্যান্ডে ১৭০ জন এবং মালয়েশিয়ায় ৩ জন মারা গেছেন।

এই দুর্যোগে প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে থাইল্যান্ডে — যেখানে প্রায় ৩০ লাখ মানুষ প্রভাবিত হয়েছে। ইন্দোনেশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ বা তার বেশি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই তিন দেশের উদ্ধার ও ত্রাণ কর্মীরা বন্যার পানি কমে যাওয়ার পরও বন্যাকবলিত অনেক এলাকায় পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনটি দেশে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে মৃতের সংখ্যা ১৯৩ জনে দাঁড়িয়েছে। ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। দেশটিতে এক লাখ আট হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অনেক পরিবার গৃহহীন; বন্যার পানি বাড়ছেই। উদ্ধার, খাদ্য, আশ্রয় এবং জরুরি স্বাস্থ্যসেবা বাড়ানো হয়েছে।

অন্যদিকে ভারতের তামিলনাড়ুতে দিতওয়ার প্রভাবে বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্যটির প্রায় ৫৬ হাজার হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে। রবিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে এস এস আর রামচন্দ্রন এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন, এনজিও এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত বণ্টন, নিরাপদ আশ্রয়কেন্দ্র, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রাকৃতিক দুর্যোগ প্রমাণ করেছে যে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, এই ধরণের বিপর্যয় মোকাবিলার জন্য উপযুক্ত প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল পরিকল্পনার প্রয়োজন।