বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভয়াবহ বন্যা–ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়া স্তব্ধ, নিহত বেড়ে ৩২১

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ—ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া—মালাক্কা প্রণালিতে সৃষ্ট বিরল উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ দুর্যোগে এখন পর্যন্ত ৩২১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ঝড়টির অস্বাভাবিক ঘূর্ণনপথ এবং টানা ভারি বর্ষণের ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায় এবং বহু এলাকায় ব্যাপক ধসের ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্দোনেশিয়া। পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে এ সপ্তাহে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার এক দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন, এখনো প্রায় ৮০ জন নিখোঁজ রয়েছেন।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) প্রধান সুহারিয়ান্তো বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জন মারা গেছে এবং ৪২ জনকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, দ্বীপটির আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রায় আরও ২৩ জন মারা গেছে। বহু গ্রাম পানির নিচে ডুবে গেছে এবং কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজের সংখ্যাও বাড়ছে, ফলে উদ্ধারকর্মীরা পানি, কাদা ও ধসে পড়া সড়কের বাধা ঠেলে উদ্ধার অভিযান চালাতে হিমশিম খাচ্ছেন।

থাইল্যান্ডেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও ধারাবাহিক ভূমিধসের ঘটনায় দক্ষিণাঞ্চলের আটটি প্রদেশে বন্যায় মৃত্যু হয়েছে ১৪৫ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত শহর হাত ইয়াই–তে বহু এলাকা এখনো বিদ্যুৎহীন, রাস্তায় গোড়ালি–সমান পানি।

বাসিন্দারা বলছেন, তাঁরা যেন ‘দ্বীপে আটকা পড়েছিলেন। জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে এবং খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে মালয়েশিয়ায় আঘাত হানে ক্রান্তীয় ঝড় সেনইয়া। ফলে ২ জন মারা গেছে এবং ৩০ হাজার মানুষের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ঝড় দুর্বল হলেও ভারি বৃষ্টি–প্রবল বাতাসের সতর্কতা বহাল রয়েছে।

ভারি বৃষ্টিপাতের ফলে উপকূলীয় ও নিম্নাঞ্চলগুলোতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকারী দল নৌকাসহ ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছানোর চেষ্টা করছে। যদিও দেশটিতে তুলনামূলক কম প্রাণহানি হয়েছে, তবুও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।

আবহাওয়া বিশ্লেষকদের মতে, মালাক্কা প্রণালিতে এ ধরনের উষ্ণমণ্ডলীয় ঝড় অত্যন্ত বিরল। সমুদ্রের জলীয়বাষ্পের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ঝড়টি দ্রুত শক্তি সঞ্চয় করে এবং তিন দেশে টানা বর্ষণ ঘটায়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অসংগতি এ ধরনের বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।