পাকিস্তানের সিন্ধু অঞ্চল বর্তমানে ভারতের অংশ না হলেও ভবিষ্যতে এটি ভারতের অন্তর্ভুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার (২৩ নভেম্বর) তিনি এ কথা জানান।
১৯৪৭ সালের দেশভাগের পর সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। সেই সময় সেখানে বসবাসকারী অনেক হিন্দু ভারতে আসেন। রাজনাথ সিং বলেন, “লালকৃষ্ণ আদভানির লেখা অনুযায়ী, সিন্ধুর হিন্দুরা এবং তাদের প্রজন্ম এখনও ভারত থেকে বিচ্ছিন্নতা মেনে নেয়নি। সমগ্র ভারতজুড়ে হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র মনে করে।”
তিনি আরও বলেন, “আজ সিন্ধু ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। সীমানা পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।”
সিন্ধু নদীকে পবিত্র মনে করে রাজনাথ সিং বলেন, “সিন্ধুর মানুষরা যেখানেই থাকুক না কেন, তারা সর্বদা আমাদেরই থাকবে।”
এর আগে, ২২ সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেছিলেন যে ভারত কোনো আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়েই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর পুনরুদ্ধার করতে সক্ষম হবে।




