চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক সংঘাত হয়েছিল, তা থেকে চীন সুপরিকল্পিতভাবে নানা সুবিধা নিয়েছে বলে আমেরিকার একটি প্রতিবেদন দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চার দিনের ওই সংঘাত চীনের জন্য একটি “লাইভ গ্রাউন্ড” হিসেবে কাজ করেছে, যেখানে তারা নিজেদের অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করতে পেরেছে।
আমেরিকা-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারত-পাকিস্তান সংঘাতকে অত্যন্ত সুযোগসন্ধানী ভঙ্গিতে ব্যবহার করেছে। পাকিস্তান যে চীনা অস্ত্র ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং জে-১০ যুদ্ধবিমান। এই অস্ত্রগুলোর যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ ব্যবহার চীনের জন্য প্রথমবারের মতো বাস্তব পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন আরও উল্লেখ করেছে, চলতি বছরের জুনেই চীন পাকিস্তানকে ৪০টি জে-৩৫ যুদ্ধবিমান, কেজে-৫০০ বিমান এবং কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধবিমানের বিরুদ্ধে প্রভাব তৈরি করতেও চীন কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছে।
সংঘাতের পেছনের প্রেক্ষাপট হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের ২২ তারিখে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া সন্ত্রাসবাদীদের দায়ী করে, যা পাকিস্তান অস্বীকার করে। এরপর সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে লক্ষ্যবস্তুতে ভারতীয় সামরিক অভিযান এবং পাকিস্তানের পাল্টা হামলা সংঘটিত হয়।
বিশ্লেষকরা বলছেন, মে মাসের সংঘাত আগের তুলনায় ভিন্ন চরিত্রের। পাকিস্তানের সামরিক অস্ত্র সরবরাহের ৮১ শতাংশই বর্তমানে চীনের কাছ থেকে আসে, যেখানে আগে আমেরিকা প্রধান সরবরাহকারী ছিল। অন্যদিকে, ভারতের অস্ত্র সরবরাহের বাজারে রাশিয়ার প্রভাব আগের তুলনায় কমে গেছে এবং ফ্রান্স ও আমেরিকার ওপর নির্ভরতা বেড়েছে।
এই প্রতিবেদন অনুযায়ী, চীন শুধু অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা নয়, ভূ-রাজনৈতিক প্রভাবও বৃদ্ধি করতে এই সংঘাতকে ব্যবহার করেছে।




