পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১১ এলাকায় মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় পাকিস্তানি তালেবান (টিটিপি) দায় স্বীকার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই কথা জানিয়েছেন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হামলাকারী প্রথমে আদালতের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে পুলিশের একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, “হামলাকারীকে শনাক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের রেহাই দেওয়া হবে না।”
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, আদালতের প্রবেশপথের কাছে রক্তাক্ত মানুষ পড়ে আছে এবং আশপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনজীবী ও সাধারণ মানুষ আতঙ্কে দৌড়াচ্ছিলেন।
হামলার ঘটনায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
টিটিপি জানিয়েছে, “পাকিস্তানের অনৈসলামিক আইনের অধীনে রায় কার্যকরকারী বিচারক, আইনজীবী এবং কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।” তারা আরও হুমকি দিয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ইসলামী আইন কার্যকর না হওয়া পর্যন্ত আরও হামলা চালানো হবে।
এদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারত ও আফগানিস্তানকে দায়ী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “ইসলামাবাদে এই হামলা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের খারাপ উদাহরণ।” যদিও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
স্থানীয় হাসপাতালে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী ও তদন্তকারীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্তের চেষ্টা করছে।




