বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় এক যাত্রীবাহী গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও প্রায় ২৪ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণের পরপরই আশপাশের কয়েকটি যানবাহনে আগুন ধরে যায় এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের অন্তত সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে; বহু ক্ষতিগ্রস্তকে লোক নায়াক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা জানান, ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা একটি গাড়িতে হঠাৎ বিস্ফোরণ হয়; আশপাশের বেশ কিছু যানও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার প্রকৃতি–কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুসন্ধান চলছে; আশপাশের সিসিটিভি ফুটেজ জব্দ করে বিশ্লেষণ করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএসহ সংশ্লিষ্ট ফেডারাল এজেন্সিগুলো তদন্তে নেমেছে।

বিস্ফোরণের পর দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে; সংবেদনশীল এলাকা, মেট্রো স্টেশন ও সরকারি স্থাপনায় বাড়তি নজরদারি চলছে। দিল্লির বাইরে কয়েকটি রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত–সংশ্লিষ্ট সংস্থাগুলো সব সম্ভাবনা খতিয়ে দেখছে এবং আনুষ্ঠানিকভাবে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।