বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল: আফগান সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফল না পেলেও পাকিস্তানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।

শনিবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে সরকারে মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে আগের যে যুদ্ধবিরতি চুক্তি আছে—তাতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে। তিনি মধ্যস্থতায় ভূমিকার জন্য কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।

পরে এক্স–এ দেওয়া পৃথক বার্তায় মুজাহিদ দাবি করেন, ইস্তাম্বুলে আফগানিস্তান–পাকিস্তান আলোচনা চলার সময় কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালায়। আলোচনার প্রতি শ্রদ্ধা দেখাতে এবং বেসামরিক হতাহত ঠেকাতে আফগান পাশ থেকে পাল্টা হামলা চালানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সরকারি সূত্রের বরাতে আফগানভিত্তিক টোলো নিউজ জানায়, পাকিস্তানি মর্টার হামলা বেসামরিক অবকাঠামো ও একটি বাণিজ্যিক বাজারকে লক্ষ্য করে চালানো হয়। এতে দুই জন নিহত ও চার জন আহত হয়েছেন। এছাড়া গত বৃহস্পতিবার অন্তত দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও ওঠে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে।

আফগান সরকারের বক্তব্য অনুযায়ী, আলোচনায় স্থায়ী সমাধান না এলেও সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে বিদ্যমান যুদ্ধবিরতি কার্যকর থাকবে।