দীর্ঘস্থায়ী খরা ও বৃষ্টিপাত কমে যাওয়ায় ইরানের রাজধানী তেহরানে তীব্র পানি–সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছে সরকার। শিগগিরই বৃষ্টি না হলে “পানি সরবরাহ সীমিত করতে হবে, এমনকি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে”—বৃহস্পতিবার (৬ নভেম্বর) পশ্চিমাঞ্চলীয় সানন্দজে ভাষণে সতর্ক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক চাপের পাশাপাশি পরিবেশগত সংকটও তীব্র হয়েছে। সীমিত অর্থায়নে বহু প্রকল্প অসম্পূর্ণ থেকে গেছে। তিনি জানান, আগামী মাস থেকেই তেহরানে পানি রেশনিং করতে হতে পারে; খরা অব্যাহত থাকলে “পানি ফুরিয়ে যাবে, শহর ছেড়ে যেতে বাধ্য হব”।
তেহরানের পানি সরবরাহ নির্ভর করে লার, মামলু, আমির কবির, তালেকান ও লাতিয়ান—এই পাঁচ বাঁধের ওপর (সবচেয়ে বড় আমির কবির)। গত পাঁচ বছরে দেশে বৃষ্টিপাত তীব্রভাবে কমেছে; চলতি মৌসুমে তেহরানে স্বাভাবিকের তুলনায় প্রায় ৪০% কম বৃষ্টি রেকর্ড হয়েছে। পানি কর্তৃপক্ষের হিসাবে, দীর্ঘ খরায় রাজধানীর জলাধারগুলো এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে।
তেহরান পানি কর্তৃপক্ষের প্রধান বেহজাদ পারসা ৩ নভেম্বর জানান, শুষ্কতা চলতে থাকলে বাঁধের মজুদ থেকে শহরে মাত্র দুই সপ্তাহ পানি দেওয়া সম্ভব হবে। পেজেশকিয়ান এর আগেও সতর্ক করেছিলেন—কার্যকর ব্যবস্থা না নিলে জনসাধারণকে পানি সরবরাহ “শিগগিরই অসম্ভব” হয়ে পড়তে পারে।
প্রেসিডেন্ট পানি–এবং জ্বালানি সম্পদের উন্নত ব্যবস্থাপনা ও সাশ্রয়ের ওপর জোর দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




