ফিলিস্তিনি সংগঠন হামাস গাজায় ঘোষিত যুদ্ধবিরতি মেনে চলতে “দৃঢ়প্রতিজ্ঞ”—এ কথা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ফিলিস্তিন পুনর্গঠনে নেতৃত্ব দিতে হবে মুসলিম দেশগুলোকে। সোমবার (৩ নভেম্বর) ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বার্ষিক সম্মেলনের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, গাজার জনগণের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এখন প্রথম কাজ; এরপর শুরু করতে হবে পুনর্গঠন।
তুরস্কের উদ্যোগে গাজা ইস্যুতে বৈঠকের জন্য সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার (৪ নভেম্বর) ইস্তাম্বুলে একত্র হবেন। স্থানীয় এক হোটেলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় বৈঠক শুরু হওয়ার কথা; কয়েক ঘণ্টা পরে হবে যৌথ সংবাদ সম্মেলন। অক্টোবরের ১০ তারিখে ঘোষিত যুদ্ধবিরতি ঘিরে উদ্বেগের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এরদোয়ান বলেন, আরব লীগ–ওআইসি যৌথভাবে প্রস্তুত করা পুনর্গঠন পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন করা উচিত। তিনি মার্চে ঘোষিত পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, গাজা পুনরুদ্ধারে ওআইসি ও কমসেককে নেতৃত্বমূলক ভূমিকা নিতে হবে। তাঁর দাবি, ইসরায়েলি সরকার এ প্রক্রিয়া ঠেকাতে চেষ্টা চালাচ্ছে; তবু মুসলিম দেশগুলোর সমন্বিত উদ্যোগে সহায়তা ও পুনর্গঠন এগিয়ে নিতে হবে।




