বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণা করল চীন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

চীন ২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করেছে। জাপানি শাসন অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে আয়োজিত স্মারক সভায় এ দিনটিকে সামনে আনার কথা জানান চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং। তিনি বলেন, এই স্মরণ–দিবস প্রতিষ্ঠা বেইজিংয়ের ‘এক–চীন নীতি’ অটুট রাখা, জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অবস্থানকে প্রতিফলিত করে এবং পূর্ণ একীভূতকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। তাইওয়ানের স্বাধীনতার যেকোনো বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কোনো স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি (এনপিসি এসসি) তাদের ১৮তম বৈঠকে (শুক্রবার) আইনগতভাবে ২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তে বলা হয়, ১৯৪৫ সালে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধযুদ্ধ এবং বৈশ্বিক ফ্যাসিবাদ–বিরোধী যুদ্ধের বিজয় তাইওয়ানের মুক্তি ঘটায় এবং “মাতৃভূমির কোলে ফিরে আসা” নিশ্চিত করে—যা ছিল ঐ বিজয়ের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বিশ্লেষকদের মতে, ঘোষণাটির কৌশলগত তাৎপর্য রয়েছে: বেইজিং তাইওয়ানকে প্রাচীনকাল থেকেই চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং আন্তর্জাতিক অঙ্গনে এক–চীন নীতি ব্যাপকভাবে স্বীকৃত। ১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধ–উত্তর প্রেক্ষাপট ও বহিরাগত হস্তক্ষেপের জেরে তাইওয়ান প্রণালীর দুই পাড়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভাজন তৈরি হলেও, বেইজিংয়ের দাবি—চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ড কখনো বিভক্ত হয়নি। ১৯৭১ সালে জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনকে চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চীনের সংবিধানেও বলা হয়েছে, ‘জাতীয় পুনর্মিলন একটি জাতীয় কর্তব্য’।

চীনের নতুন এই স্মরণ–দিবস ঘোষণায় তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের রাজনৈতিক বার্তা ও আইনি অবস্থান আরও জোরালোভাবে সামনে এলো—যা ভবিষ্যৎ প্রণালী–উত্তেজনা ও আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।