বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমেরিকার চাপে মাথা নত করবে না রাশিয়া: পুতিন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার চাপের মুখে রাশিয়া কখনো নতি স্বীকার করবে না—এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি স্বীকার করেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে।

সাম্প্রতিক পদক্ষেপে আমেরিকা রোসনেফট ও লুকোইল—রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি—এবং এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন এ ব্যবস্থা নেয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার এলএনজি আমদানিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছে এবং যুক্তরাজ্যও দুই কোম্পানির বিরুদ্ধে সমধর্মী পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউসের প্রত্যাশা, এসব নিষেধাজ্ঞায় বৈশ্বিক তেলের দাম সর্বোচ্চ ৫% পর্যন্ত বাড়তে পারে, এবং এর চাপ পুতিনকে ইউক্রেন ইস্যুতে আলোচনায় ফিরতে বাধ্য করবে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি মস্কোর ওপর প্রথম বড় ধরনের নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাকে “অমৈত্রীসুলভ ও ব্যর্থ চাপ প্রয়োগের চেষ্টা” বলে মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে এবং এর খেসারত আমেরিকাকে দিতে হবে। একই সঙ্গে তিনি জানান, যদি ওয়াশিংটন ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে এবং তা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়, তবে “খুবই শক্তিশালী প্রতিক্রিয়া” দেখাবে মস্কো।

নতুন বিধিনিষেধ অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানগুলো রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না—ফলে রাশিয়া কার্যত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে চীন ও ভারতের কয়েকটি তেল কোম্পানি রুশ তেল কেনা স্থগিত করেছে বলে জানা গেছে।

রোসনেফট ও লুকোইল মিলিয়ে রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক জোগান দেয়। নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ–চাহিদার ভারসাম্য নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।