সীমান্তে কয়েকদিন ধরে চলা তীব্র সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক প্রাণহানির পর অবশেষে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বুধবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদভিত্তিক সংবাদ সংস্থা এএফপি জানায়, তালেবান সরকারের অনুরোধে পাকিস্তান সরকার ও আফগান তালেবান কর্তৃপক্ষ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (০১০০ জিএমটি) থেকে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ের মধ্যে সীমান্ত উত্তেজনার একটি ইতিবাচক ও টেকসই সমাধান খুঁজে পেতে গঠনমূলক সংলাপ চালানো হবে।”
তবে কাবুলের তালেবান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, কান্দাহার প্রদেশে তালেবান নিয়ন্ত্রিত কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাকিস্তান সেনাবাহিনীর ‘নির্ভুল হামলার’ পর যুদ্ধবিরতির এ ঘোষণা আসে।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী যেকোনো বহিরাগত আগ্রাসনের জবাব দেওয়ার সক্ষমতা রাখে এবং শক্তি ও দৃঢ়তার সঙ্গে জাতীয় সীমান্ত রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে সংঘর্ষে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। বিশ্লেষকদের মতে, এই ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি পরিস্থিতি শান্ত করার পাশাপাশি আলোচনার নতুন সুযোগ তৈরি করতে পারে।




