যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা দ্রুত পৌঁছাতে সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় এক যৌথ সংবাদ সম্মেলনে সংস্থাগুলো এই আহ্বান জানায়। খবর—এএফপি।
জাতিসংঘ ও রেড ক্রস জানিয়েছে, গাজায় চলমান মানবিক বিপর্যয় মোকাবিলায় সীমান্ত খুলে দেওয়া ছাড়া বিকল্প নেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তার সুফল পেতে ত্রাণসহায়তা পৌঁছানোর পথ অবাধ রাখতে হবে বলেও সংস্থাগুলো উল্লেখ করেছে।
রেড ক্রসের মুখপাত্র ক্রিশ্চিয়ান কার্ডন বলেন, “গত কয়েক ঘণ্টা ধরে আমরা দাবি জানিয়ে আসছি—গাজার বিপুল মানবিক চাহিদা মেটাতে সব প্রবেশপথ খোলা রাখা অত্যন্ত জরুরি। বর্তমানে হাজার হাজার মানুষ ত্রাণের অপেক্ষায় রয়েছে।”
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর ওসিএইচএ-র মুখপাত্র জেন্স লেয়ার্কে বলেন, “আমাদের সব সীমান্ত খোলা দরকার। কিছু প্রবেশপথ ধ্বংস হয়ে গেছে, ট্রাক চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করাও এখন অগ্রাধিকার।”
জাতিসংঘের তথ্যমতে, সংস্থাটির কাছে বর্তমানে গাজায় পাঠানোর জন্য প্রায় ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন ত্রাণসামগ্রী প্রস্তুত রয়েছে। তবে সীমান্ত বন্ধ থাকায় সেগুলো পাঠানো সম্ভব হচ্ছে না।
এর আগে, গত ২২ আগস্ট জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে। বিশেষজ্ঞদের আশঙ্কা—অন্তত ৫ লাখ মানুষ এখন “বিপর্যয়কর” খাদ্য সংকটের মুখে রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত শনিবার। এর অংশ হিসেবে হামাস ২০ জীবিত জিম্মি ও চার মৃতদেহ ফেরত দিয়েছে, আর ইসরায়েল মুক্তি দিয়েছে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে।
যুদ্ধবিরতির পর গাজায় সহিংসতা বন্ধ হবে বলে আশা করা হলেও, দুই দিনের মাথায়ই ইসরায়েলি বাহিনীর গুলিতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মানবিক সংস্থাগুলো বলছে, যদি দ্রুত সব সীমান্ত খুলে না দেওয়া হয়, তবে গাজার দুর্ভিক্ষ ও স্বাস্থ্য সংকট “অপ্রতিরোধ্য বিপর্যয়ে” পরিণত হতে পারে।




