বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদি ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত হয়েছে বলে জানিয়েছে কাবুল। শনিবার (১২ অক্টোবর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “কাতার ও সৌদি আরবের অনুরোধে আফগানিস্তান শত্রুতা বন্ধে সম্মত হয়েছে।” তবে তিনি সতর্ক করে দেন, পাকিস্তান যদি পুনরায় আগ্রাসন চালায়, তবে আফগানিস্তানও তার ভূখণ্ড রক্ষায় প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

মুজাহিদ আরও বলেন, “আজ সকালে আমরা খবর পেয়েছি যে পাকিস্তানের দিক থেকে আবার আক্রমণ হয়েছে। যদি এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে, তবে ইসলামিক আমিরাত দেশের সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেবে।”

এ ঘটনার পর কাতার, সৌদি আরব ও ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ দুই প্রতিবেশী দেশকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা উভয় পক্ষকে কূটনীতি ও সংলাপের পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ইরান তার প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত।”

রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ কারিবুল্লাহ সাদাত বলেন, “বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ অব্যাহত রাখা কারও জন্যই লাভজনক নয়। সমস্যার সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছিল, যার ফলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে এবং বাণিজ্যিক চলাচল ব্যাহত হয়েছে। তবে সৌদি ও কাতারের মধ্যস্থতায় নতুন এই উদ্যোগে সংঘাত প্রশমনের আশার আলো দেখা দিয়েছে।