মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনার পর গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজার শান্তি পরিকল্পনা নিয়ে এখনো কিছু গুরুত্বপূর্ণ অস্পষ্টতা রয়ে গেছে।
বিবিসির স্পেশাল করেসপনডেন্ট লুসি ম্যানিং জানান, হামাস ও ইসরায়েলের এই সমঝোতা মূলত যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় পরিকল্পনা—যা আমেরিকা প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার একটি অংশ মাত্র।
তবে চুক্তিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। বিশেষ করে হামাসকে নিরস্ত্রীকরণ সম্পর্কিত কোনো শর্ত রাখা হয়নি। অথচ ট্রাম্পের পরিকল্পনার অন্যতম মূল বিষয় ছিল গোষ্ঠীটির অস্ত্র ত্যাগ। হামাস আগেই জানিয়েছিল, কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই তারা অস্ত্র সমর্পণ করবে।
এছাড়া যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়েও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা প্রথমে পরিচালনা করবে একটি ‘টেকনোক্র্যাট, অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি’, পরে যার দায়িত্ব হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পৃক্ত করার বিষয়ে আপত্তি তুলেছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানায়, “আমরা আমাদের জনগণের জাতীয় অধিকার থেকে কখনোই পিছপা হব না—যতক্ষণ না স্বাধীনতা, মুক্তি ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত হচ্ছে।”




