বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: কিয়ার স্টারমার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা নীতিতে কোনো পরিবর্তন আনবে না যুক্তরাজ্য। দুই দিনের ভারত সফরে যাওয়ার আগে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) তিনি ভারতে পৌঁছান।

স্টারমার বলেন, “আলোচনা ভিসা নিয়ে নয়, আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে।” তিনি স্পষ্ট করে জানান, ভারতীয় শ্রমিক বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সুবিধা চালুর কোনো পরিকল্পনা নেই।

ভারত সফরে স্টারমারের সঙ্গে উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। সফরের লক্ষ্য যুক্তরাজ্যে বিনিয়োগ বৃদ্ধি ও দেশটির ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া।

সম্প্রতি যুক্তরাজ্য ও ভারতের মধ্যে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় ব্রিটিশ গাড়ি ও হুইস্কি কম দামে ভারতে রপ্তানি এবং ভারতীয় পোশাক ও গয়না সাশ্রয়ী দামে যুক্তরাজ্যে আমদানির সুযোগ থাকবে। তবে ব্রিটিশ মন্ত্রীরা জোর দিয়ে জানিয়েছেন, অভিবাসননীতিতে কোনো বিস্তৃত পরিবর্তন আনা হয়নি।

সফরের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।