গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জন অধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের গ্রিস ও স্লোভেনিয়ায় পাঠানো হয়েছে বলে সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।
অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, আটক অবস্থায় ইসরায়েলি সেনারা তাদের ভয়ংকর নির্যাতন করেছেন। কেউ কেউ জানান, ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে, মারধর করা হয়েছে এবং তিন দিন কোনো খাবার দেওয়া হয়নি। বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করতে হয়েছে।
গত সপ্তাহে গাজা উপত্যকায় প্রতীকী পরিমাণে ত্রাণ নিয়ে নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে ইসরায়েলি বাহিনী নৌবহর আটক করে এবং বুধ থেকে শুক্রবারের মধ্যে প্রায় ৪৫০ জনকে হেফাজতে নেয়। তাদের মধ্যে কয়েকজনকে ধাপে ধাপে ছেড়ে দেওয়া হচ্ছে।
ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ জানায়, মুক্তিপ্রাপ্ত অধিকারকর্মী চেজারে তোফানি রোমে ফিরে বলেন, “আমাদের সঙ্গে ভয়ংকর ব্যবহার করা হয়েছে। সেনাদের হেফাজত শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানেও আমাদের হয়রানি করা হয়েছে।”
অধিকারকর্মীরা বলেন, তাদের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তা বাধা দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গ্লোবাল ফ্লোটিলার আটক সদস্যদের মুক্তি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।




