ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্পেন, ইতালি, পর্তুগাল ও যুক্তরাজ্যের বড় শহরগুলোতে হাজারো মানুষ বিক্ষোভ–মিছিলে অংশ নেন। শনিবার (৫ অক্টোবর) এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে রয়টার্স জানিয়েছে।
বার্সেলোনা ও মাদ্রিদে আগে থেকে ঘোষিত বিক্ষোভে ব্যাপক সাড়া মেলে। এদিকে রোম ও লিসবনে ইসরায়েলের হাতে গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের ঘটনায় বিক্ষোভের ডাক দেওয়া হয়। নৌবহরে থাকা ৪৫০ জনের মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক এবং বার্সেলোনার একজন সাবেক মেয়রও রয়েছেন।
শুক্রবার ইতালিতে গাজার প্রতি সংহতি জানিয়ে এক দিনের সাধারণ ধর্মঘটে দুই মিলিয়নের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। স্পেনে ফিলিস্তিনিদের সমর্থন ক্রমেই বাড়ছে, একইসঙ্গে দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে কূটনৈতিক চাপ জোরদার করছে।
বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ। অংশগ্রহণকারীরা বলেন, “১৯৪০-এর দশকে ইউরোপে যেমন জাতিগত হত্যাযজ্ঞ দেখা গিয়েছিল, গাজায়ও আমরা সেই দৃশ্য প্রত্যক্ষ করছি।”
এদিকে যুক্তরাজ্যে বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি ম্যানচেস্টারের একটি সিনাগগে প্রাণঘাতী হামলায় দুজন নিহত হওয়ার পর পুলিশ লন্ডনে বিক্ষোভ না করার অনুরোধ জানায়। তবে আয়োজকেরা তা অগ্রাহ্য করে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। লন্ডন পুলিশ জানিয়েছে, অন্তত ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ৫০০–তে পৌঁছেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় চলমান যুদ্ধকে ‘জাতিগত হত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি রয়েছে।
গত দুই বছরের যুদ্ধে গাজায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা।




