বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সৌদি–পাকিস্তান চুক্তি থেকে ৫৭ মুসলিম দেশের জোট গড়ার ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তিকে ঘিরে নতুন এক সামরিক জোটের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, চুক্তিটি বিস্তৃত হলে এটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো শক্তিশালী রূপ নিতে পারে এবং পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে ইসহাক দার বলেন, “সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে একই ধরনের চুক্তিতে আগ্রহ দেখিয়েছে। আল্লাহ চাইলে পাকিস্তান ভবিষ্যতে মুসলিম বিশ্বের নেতৃত্ব নেবে।”

তিনি আরও উল্লেখ করেন, গত মে মাসে ভারত পাকিস্তানে ‘অপারেশন সিন্দুর’ চালিয়েছিল। যদি তখন এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকত, তবে সেটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

গত ১৭ সেপ্টেম্বর রিয়াদে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করেন। এতে বলা হয়, পাকিস্তান বা সৌদি আরবের যেকোনো এক দেশের ওপর হামলা হলে সেটিকে উভয়ের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে কার্যত সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে এসেছে। তবে চুক্তিতে স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধারা রাখা হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, এই চুক্তি সৌদিকে পরোক্ষভাবে পারমাণবিক সুরক্ষা দিতে পারে। যদিও পরে তিনি স্পষ্ট করে বলেন, পারমাণবিক অস্ত্র চুক্তির অংশ নয়।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চুক্তিটি কার্যকর হলে এটি ‘ইসলামি ন্যাটো’ হিসেবে আবির্ভূত হতে পারে। তবে বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। একদিকে ৫৭ মুসলিম দেশকে একই কাঠামোয় আনা সহজ নয়, অন্যদিকে পশ্চিমা শক্তি ও প্রতিবেশী দেশ ভারতের প্রতিক্রিয়াও বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে।

তবুও পাকিস্তান ও সৌদি আরবের এই সামরিক সহযোগিতাকে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এটি আসলেই বহুপাক্ষিক জোটে রূপ নেয় কি না, নাকি শুধু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে।