ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। ধসে পড়েছে বহু ভবন, ভেঙে গেছে সড়ক ও সেতু, বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে সেবু প্রদেশের উপকূলীয় এলাকা বোগো শহরের কাছাকাছি ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ফলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নেয়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, মানুষ দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসছে এবং ভবনগুলো ধসে পড়ছে। এমনকি শতবর্ষী একটি গির্জাও ধসে গেছে।
সিভিল ডিফেন্স দপ্তরের আঞ্চলিক কর্মকর্তা জেন আবাপো জানিয়েছেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৯ জন হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে দেড় শতাধিক মানুষ। বোগো শহরের হাসপাতালগুলো উপচে পড়ছে রোগীতে। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়র শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন। মন্ত্রিসভার সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় সরাসরি তদারকি করছেন বলে জানিয়েছেন তিনি।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো সান রেমিজিও। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানিয়েছেন, বিদ্যুৎ নেই, পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষ তীব্র সংকটে পড়েছে। বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তিনি খাদ্য, পানি ও ভারী যন্ত্রপাতি দিয়ে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড কাঁপুনিতে ঘর ছেড়ে বের হতে বাধ্য হন। একজন প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের পর সাগরের পানি তীর থেকে সরে যেতে দেখেছেন।
যদিও ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক, তবু দেশের দ্বিতীয় ব্যস্ততম ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে। তবে ধসে পড়েছে বহু স্কুল, হাসপাতাল। নিহতদের মধ্যে কয়েকজন সান রেমিজিওর একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলছিলেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।ভূমিকম্পে ওই ভবনটি আংশিক ধসে পড়ে।
ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে, যার কিছু ছিল ৬ মাত্রার কাছাকাছি। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, “রিং অব ফায়ার” অঞ্চলে অবস্থান করায় ফিলিপাইন এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে এটি দেশটির অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।




