বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট বন্ধ করল তালেবান সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ ঘোষণা করেছে তালেবান সরকার। ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করার পর মঙ্গলবার (এএফপি) নিশ্চিত করে জানিয়েছে, সারা দেশে কার্যত ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।

তালেবান প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকবে।” তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, সারাদেশেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না, এমনকি এএফপির কাবুল অফিসের সঙ্গে যোগাযোগও ছিন্ন হয়েছে।

তালেবানের দাবি, ইন্টারনেটের মাধ্যমে ‘অনৈতিক ও অপ্রয়োজনীয় বিষয়বস্তু’ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এ কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অশ্লীলতা রোধে’ ইন্টারনেট নিষিদ্ধ করা হলেও বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে। তবে কবে থেকে বা কীভাবে সেই ব্যবস্থা কার্যকর হবে, তা পরিষ্কার করেনি তারা।

এরই মধ্যে আন্তর্জাতিক যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গেও যোগাযোগ সম্ভব হচ্ছে না। টোলো নিউজ জানিয়েছে, টেলিভিশন ও রেডিও সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। ফলে জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যম অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ সংকটের প্রভাব পড়েছে আকাশপথেও। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, কাবুল বিমানবন্দর থেকে অন্তত আটটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

কয়েক সপ্তাহ ধরেই ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা সংযোগ না পাওয়ার অভিযোগ করে আসছিলেন। তালেবান জানিয়েছিল, বিকল্প রুট তৈরি করা হবে, কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা দীর্ঘ হলে অর্থনীতি ও কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে শরিয়াহ আইন অনুযায়ী কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। এবার ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্তও অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।