বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

লাদাখে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারতের হিমালয় অঞ্চল লাদাখে রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের চাকরির কোটার দাবিতে ‘জেন-জি’ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ডজনখানেক লোক আহত হয়েছেন বলে বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র।

২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সেই সঙ্গে স্বায়ত্তশাসন বাতিল করে সরাসরি নয়াদিল্লির অধীনে আনে। অধিকারকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা লাদাখকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন, যাতে নির্বাচিত স্থানীয় সংস্থা গঠন করে উপজাতীয় অঞ্চলগুলো রক্ষা করা যায়।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, লেহ শহরে বিজেপি কার্যালয়সহ কয়েকটি ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের পেছন থেকে কালো ধোঁয়া উড়ছে, আর শত শত মানুষ স্লোগান দিচ্ছে। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে একটি পরিত্যক্ত পুলিশ ভ্যানে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পুলিশ সূত্র জানায়, সংঘর্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন, এর মধ্যে ২০ জন পুলিশ সদস্য।

অধিকারকর্মী সোনম ওয়াংচুক বলেন, তরুণদের হতাশাই তাদের রাস্তায় নামিয়েছে। তিনি যুবকদের সহিংসতার পথ এড়িয়ে শান্ত থাকার আহ্বান জানান। সহিংসতার পর তিনি তাঁর ১৫ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। ওয়াংচুক বলেন, “এটা লাদাখের সমস্যার সমাধান নয়। যদি যুবকদের কষ্ট থাকে, তবে আজ থেকেই আমরা অনশন ভাঙছি।”

জেলা প্রশাসক রোমিল সিং ডংক এক বিজ্ঞপ্তিতে জানান, শান্তি বজায় রাখতে বিক্ষোভ, জনসমাবেশ ও উসকানিমূলক বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে লাদাখের লেফটেন্যান্ট-গভর্নরের দপ্তর ও পুলিশ রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য করেনি।

চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগাভাগি করা লাদাখ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। স্থানীয়দের দাবির বিষয়ে আলোচনার অংশ হিসেবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৩ সাল থেকে লাদাখের নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে আসছে। মন্ত্রণালয় জানিয়েছে, দাবিগুলো বিবেচনায় রয়েছে। আগামী ৬ অক্টোবর পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।