বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আকাশসীমা লঙ্ঘন নিয়ে রাশিয়াকে ন্যাটোর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়াকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ন্যাটোর ৩২টি সদস্যদেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর জানানো হয়, সদস্যদেশের আকাশসীমা লঙ্ঘনসহ উত্তেজনাকর কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

ন্যাটোর এক যৌথ বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় রাশিয়ার। এসব কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক উত্তেজনা বাড়ায় না, বরং প্রাণহানির ঝুঁকিও তৈরি করে। জোটের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো ও তার মিত্ররা প্রয়োজনীয় সব ধরনের সামরিক ও বেসামরিক পদক্ষেপ নেবে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার, যখন রাশিয়ার কয়েকটি সশস্ত্র যুদ্ধবিমান প্রায় ১২ মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এরপরই ন্যাটো প্রতিষ্ঠা চুক্তির ধারা ৪ অনুযায়ী জরুরি পরামর্শ সভা আহ্বান করে জোটটি।

এর আগে, চলতি মাসের ১০ সেপ্টেম্বর ইউক্রেনে হামলার সময় রাশিয়ার একটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করলে, তা ভূপাতিত করে দেশটির সেনাবাহিনী। ওই ঘটনার পর থেকে ন্যাটো পূর্ব সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা দেয়।

শুধু এস্তোনিয়া বা পোল্যান্ড নয়, সাম্প্রতিক সময়ে লিথুয়ানিয়া, লাটভিয়া, ফিনল্যান্ড ও রোমানিয়াসহ ন্যাটোর পূর্ব সীমান্তের একাধিক দেশ রাশিয়ার অনধিকার প্রবেশের শিকার হয়েছে। এসব ঘটনায় জোটের উদ্বেগ আরও বেড়েছে যে, ইউক্রেনে চলমান যুদ্ধ সীমান্ত অতিক্রম করে ন্যাটো সদস্য দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।

তবে ন্যাটো তাদের বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে, রাশিয়ার এমন কর্মকাণ্ডের কারণে ইউক্রেনকে সমর্থন দেওয়ার অঙ্গীকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।