রবিবার একযোগে কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপ ইসরাইলের তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পর্তুগালও একই দিনে নিউ ইয়র্কে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৩ সালের অক্টোবর মাসে ইসরালে হামাসের হামলার পর ইসরাইল ফিলিস্তিনে ব্যাপক দমন-পীড়ন শুরু করে। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইসরাইলের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় বলেন, “আজ ফিলিস্তিনি ও ইসরাইলিদের শান্তির আশায় এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ দেওয়া বিবৃতিতে বলেন, “আজ থেকে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরাইল উভয়ের শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করার প্রস্তাবও রাখছি।”
শিল্পোন্নত জি সেভেন (G7) দেশের মধ্যে ব্রিটেন ও কানাডা প্রথম যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্সসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে, এই রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।
এই স্বীকৃতি ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার দীর্ঘ দিনের আকাঙ্ক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্ব যুক্তি দিয়ে আসছিল যে, ফিলিস্তিনের স্বীকৃতি কেবলমাত্র ইসরাইলের সঙ্গে আলোচনা ও শান্তি চুক্তির মাধ্যমে হওয়া উচিত। তবে এই পদক্ষেপ আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধেই গেল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং জাতিসংঘে এর বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ করবে।”
জাতিসংঘের মোট ১৯৩ সদস্য দেশের মধ্যে তিন-চতুর্থাংশ অর্থাৎ ১৪০টির বেশি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
পর্তুগালের প্রেসিডেন্ট জানিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে জীবিত রাখার লক্ষ্যেই নেওয়া হয়েছে।




