জেন–জি আন্দোলনের পর নেপালে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তিন সদস্যের মন্ত্রিসভা শপথ নিলেও এখনো পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন চূড়ান্ত হয়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কার্কি জানান, ছয় মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। নতুন সরকার ২০২৬ সালের ৫ মার্চের জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রশাসনিক প্রস্তুতি ও রাজনৈতিক সমঝোতার কাজ শুরু করেছে।
আন্দোলন–উত্তর নতুন বাস্তবতায় কার্কি সরকারের সামনে প্রধান কাজ—স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর পুনর্নির্মাণ এবং ভূ–রাজনৈতিক চাপ মোকাবিলা। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমাণ্ডু পোস্ট।
সরকারি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, পররাষ্ট্র পোর্টফোলিওতে সাবেক সচিব–রাষ্ট্রদূতদের মধ্যে থেকে একজনকে আনার চেষ্টা চলছে; তবে বহুমুখী কূটনৈতিক সমীকরণের কারণেই সিদ্ধান্ত ঝুলে আছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, সুষ্ঠু ভোটের পরিবেশ ও পুনর্গঠনের অর্থায়নে ভারতের পাশাপাশি চীন, এবং আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া—এ সব অংশীদারের সমন্বিত সহযোগিতা জরুরি। সরকারের লক্ষ্য বিদেশি সহায়তা টেনে এনে অবকাঠামো ও সামাজিক খাতে দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করা।
কাঠমাণ্ডু পোস্টের প্রতিবেদনে, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাবেক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব শঙ্কর দাস বৈরাগী সতর্ক করে বলেন, বিদেশনীতি দুইমুখী রাস্তা; সঠিক মূল্যায়ন না হলে তা “মৃত্যুফাঁদের” মতো হয়ে উঠতে পারে। তাঁর অভিযোগ, কূটনৈতিক মিশনে কৌশলগত পরিকল্পনা ও আতিথ্য রাষ্ট্রের নীতি–পরিবর্তনের পর্যাপ্ত তথ্যভাণ্ডার গড়ে না ওঠায় নেপালের নীতি “অন্যদের মনোভাবের কাছে বন্দি” হয়ে পড়েছে—যা বর্তমান অস্থিরতার আংশিক কারণ।
সরকার গঠনের পরপরই কার্কি দেশ–বিদেশে ব্যাপক শুভেচ্ছা ও সমর্থন পেলেও বিশ্লেষকদের মতে, উদীয়মান ভূ–রাজনৈতিক প্রবণতার সঙ্গে তাল মেলানো, দলগুলোকে আলোচনায় রাখানো এবং প্রশাসনিক সক্ষমতা বাড়ানো—এই তিন অক্ষেই নির্ধারিত হবে অন্তর্বর্তী সরকারের সফলতা।
সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল ও প্রেসিডেন্ট পাউদেলের মধ্যে আলোচনার মধ্য দিয়ে কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই আলোচনায় তরুণদের প্ল্যাটফর্ম ‘জেন জি’র প্রতিনিধিরাও ছিলেন। হাজার হাজার তরুণ কর্মী ডিসকর্ড অ্যাপ ব্যবহার করে কার্কিকে তাদের নেতা হিসেবে মনোনীত করেন।




