শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ছাত্র–জনতার গণআন্দোলনের মুখে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতে সম্ভাব্য গণবিক্ষোভ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিজেপি সরকার। এ প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১৯৭৪ সালের পর ভারতে হওয়া সব বড় আন্দোলনের ইতিহাস, কারণ ও গতিপ্রকৃতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ভবিষ্যতে ‘স্বার্থান্বেষী গোষ্ঠী’–নিয়ন্ত্রিত ব্যাপক আন্দোলন প্রতিরোধের অংশ হিসেবে শাহ পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে (বিপিআরঅ্যান্ডডি) একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরি করতে বলেছেন। এজন্য স্বাধীনতার পর বিশেষ করে ১৯৭৪–পরবর্তী সব আন্দোলন গভীরভাবে পর্যালোচনা করে আন্দোলনের অর্থায়ন, চূড়ান্ত ফলাফল এবং পর্দার আড়ালের কর্তা—এসব দিক বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে নয়াদিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) আয়োজিত দুদিনব্যাপী ‘ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স–২০২৫’–এ এ নির্দেশনা দেন অমিত শাহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, বিপিআরঅ্যান্ডডিকে আন্দোলনের কারণ, ধরন ও পরিণতি নিরীক্ষা করে সম্ভাব্য পৃষ্ঠপোষকদের শনাক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে ভবিষ্যৎ মোকাবিলায় কার্যকর এসওপি প্রণয়ন সম্ভব হয়।
শাহের নির্দেশনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিপিআরঅ্যান্ডডির একটি সমন্বয় টিম গঠনের উদ্যোগ চলছে; যা রাজ্য পুলিশ বাহিনীগুলোর সঙ্গে কাজ করবে। তদন্তকার্যের অংশ হিসেবে পুরোনো মামলার নথি ও বিভিন্ন রাজ্যের সিআইডি প্রতিবেদন বিবেচনায় নেওয়া হবে।
এ ছাড়া আন্দোলনের অর্থনৈতিক দিক খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–ইন্ডিয়া (এফআইইউ–আইএনডি) ও সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)–কে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ত্রাসী অর্থায়ন নেটওয়ার্ক চিহ্নিত ও নির্মূলের লক্ষ্যে এসব সংস্থাকে আলাদা এসওপি প্রস্তুত করতেও বলা হয়েছে।
ধর্মীয় সমাবেশে হুড়োহুড়ি/পদদলিত হয়ে মৃত্যুর মতো ঘটনার ঝুঁকি চিহ্নিত করতে বিপিআরঅ্যান্ডডিকে রাজ্য পুলিশের সঙ্গে যৌথ গবেষণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে; এর ভিত্তিতে ভিড়–পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের এসওপি তৈরি হবে। পাশাপাশি পাঞ্জাবে খালিস্তানি উগ্রবাদ ও সাধারণ অপরাধ মোকাবিলায় এনআইএ, বিএসএফ ও এনসিবি–র জন্য পৃথক কৌশলপত্র প্রস্তুতের কথাও বলা হয়েছে।
সরকারি মহলের মূল্যায়ন, সমন্বিত এ উদ্যোগের লক্ষ্য—অতীতের অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া–কৌশল আরও কার্যকর করা, যাতে সম্ভাব্য বড় ধরনের বিক্ষোভ পরিস্থিতি আগেভাগে শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।




