বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শীতল নিবাসে প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল তাঁকে শপথ পাঠ করান। এ পদে আসীন হয়ে কার্কি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধানের দায়িত্ব নিলেন। স্থানীয় সংবাদমাধ্যম খবর হাব–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সংবিধানের ৬১ অনুচ্ছেদের ক্ষমতা ব্যবহার করে কার্কিকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৫ সালের সংবিধান কার্যকরের পর এতদিন সরকার গঠনে ৭৬ অনুচ্ছেদ অনুসৃত হলেও, সাম্প্রতিক বিক্ষোভ–পরিস্থিতি ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এবার ভিন্ন সাংবিধানিক পথ নেওয়া হলো। এর আগে দিনের আলোচনায় প্রধান রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট ভেঙে অন্তর্বর্তী সরকার গঠনে ঐকমত্যে পৌঁছায়—যা ছিল আন্দোলনকারীদের প্রধান দাবি।

জেন–জি নেতৃত্বাধীন দুর্নীতি–বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে কার্কির শপথকে নেপালের রাজনৈতিক ধারায় ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখা হচ্ছে। তরুণ আন্দোলনের অংশগ্রহণকারীরা আশা করছেন, তাঁর নেতৃত্বে দ্রুত দুর্নীতিবিরোধী শাসনব্যবস্থা জোরদার, সাংবিধানিক সংস্কারের রোডম্যাপ ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি এগোবে। রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, কঠোরতা ও সৎ ভাবমূর্তি—এই দুই গুণ বর্তমান অস্থিরতা কাটিয়ে প্রশাসনে শৃঙ্খলা আনতে সহায়ক হতে পারে।

১৯৫২ সালের ৭ জুন বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি ছিলেন নেপালের সর্বোচ্চ আদালতের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। ২০১৬ সালের জুলাইয়ে তিনি ওই পদে আসীন হন। ২০১৭ সালের এপ্রিলে নেপালি কংগ্রেস ও মাওবাদী কেন্দ্র তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনলেও জনমতের চাপ ও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী আদেশে সেটি প্রত্যাহার হয়। বিচারপতি থাকার সময়ে দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য তিনি পরিচিত ছিলেন; সাবেক মন্ত্রী জয়প্রকাশ গুপ্তার বিরুদ্ধে দেওয়া রায়সহ একাধিক আলোচিত মামলায় তিনি কড়া অবস্থান নেন। বয়সসীমা পূর্ণ হওয়ায় ২০১৭ সালেই তিনি অবসর নেন।

অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হিসেবে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, জরুরি প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সংস্কার–নির্বাচনের সময়সূচি প্রস্ত্তত করার বিষয়গুলো সামনে আসতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন বিভিন্ন মহল। শপথের পর শিগগিরই ছিমছাম আকারের মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।