বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইসরায়েলের ‘শত্রুতাপূর্ণ আচরণ’ থামানো ছাড়া শান্তি সম্ভব নয়: আরব লীগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে টেকসই শান্তিপূর্ণ সহাবস্থান কেবল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলের ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বন্ধের মাধ্যমে সম্ভব—এমন বক্তব্যে একটি প্রস্তাব পাস করেছে আরব লীগ। মিশর ও সৌদি আরবের পেশ করা প্রস্তাবটি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কায়রোতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত হয়।

প্রস্তাবে বলা হয়, “ফিলিস্তিনি স্বার্থের ন্যায্য সমাধানে ব্যর্থতা এবং দখলদার শক্তির শত্রুতাপূর্ণ আচরণ” অঞ্চলজুড়ে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রধান বাধা হয়ে থাকবে। একই বৈঠকে মন্ত্রীরা “অঞ্চলে নিরাপত্তা ও সহযোগিতার যৌথ দৃষ্টিভঙ্গি” অনুমোদন করেন।

কায়রো থেকে এএফপি এই খবর জানিয়েছে।

সিদ্ধান্তটি এল এমন সময়ে, যখন গাজা নগর কেন্দ্রের চারদিকে ইসরায়েলি সামরিক অভিযান আরও তীব্র হয়েছে এবং সেনাবাহিনী গাজা উপত্যকার প্রায় ৪০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে। কয়েক দিন আগে ইসরায়েলের অতি–ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের অংশ দখলের আহ্বান জানিয়ে “ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়ার” কথা বলেন—প্রস্তাবে এ ধরনের পদক্ষেপকে স্থায়ী শান্তির অন্তরায় হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরব লীগ বলেছে, ইসরায়েল যদি আরবভূমি দখল বজায় রাখে কিংবা নতুন করে দখল/সংযুক্তির হুমকি দেয়, তাহলে এই অঞ্চলে স্থায়ী শান্তি, সহযোগিতা ও সহাবস্থান সম্ভব নয়। যেকোনো চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে দ্বি–রাষ্ট্রসমাধান ও ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের ভিত্তিতে—যেখানে ১৯৬৭ সালে দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব রয়েছে।

আঞ্চলিক প্রেক্ষাপটে প্রস্তাবে জানানো হয়, মিশর ও জর্ডান আগেই ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করেছে; ২০২০ সালে আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো আব্রাহাম চুক্তির আওতায় সম্পর্ক স্বাভাবিক করে। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর সৌদি–ইসরায়েল স্বাভাবিকীকরণ আলোচনা স্থগিত আছে।

মিসর শুক্রবার আলাদা এক বিবৃতিতে বলেছে, “অঞ্চলে কোনো পক্ষকে আধিপত্য বিস্তার করতে বা নিরাপত্তা–স্থিতিশীলতার সঙ্গে আপস করে একতরফা নিরাপত্তা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না।” আরব লীগের সর্বশেষ অবস্থান অনুযায়ী, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, দখল ও বসতি সম্প্রসারণ বন্ধ এবং আন্তর্জাতিক আইনের পূর্ণ প্রয়োগ ছাড়া শান্তি প্রক্রিয়া অর্থবহভাবে এগোবে না।