ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটি বলেছে, পশ্চিম তীর দখলের যেকোনো পদক্ষেপ ইসরায়েলকে “রেড লাইন” অতিক্রম করাবে এবং ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহ সতর্ক করেন, এমন উদ্যোগ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সমন্বয়কেও বিপর্যস্ত করবে।
আমিরাতের এই অবস্থানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানালেও, ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের চার–পঞ্চমাংশ দখলের যে প্রস্তাব তুলে ধরেছেন, তার প্রতিক্রিয়াতেই আবু ধাবির এই কড়া বার্তা এসেছে।
প্রেক্ষাপট হিসেবে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতি স্থাপন করেছে; সেখানে ৭ লাখের বেশি ইহুদি বসবাস করছেন। একই এলাকায় বাস ৩৩ লাখের মতো ফিলিস্তিনির। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত।
২০২০ সালে আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির আওতায় আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে—শর্ত ছিল, পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত থাকবে। সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনা স্থগিতের কথা বললেও এটিকে “টেবিলে রয়েছে” বলেই উল্লেখ করেছিলেন।
কূটনৈতিক মহল বলছে, আমিরাতের প্রকাশ্য হুঁশিয়ারি দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন বাড়াতে পারে এবং আঞ্চলিক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। পশ্চিম তীরে দখল বা সংযুক্তির পথে অগ্রসর হলে, আব্রাহাম চুক্তির ভবিষ্যৎ ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সদ্য গড়ে ওঠা সহযোগিতা ঝুঁকির মুখে পড়তে পারে।




