বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দ্বিগুণ শুল্কে ক্ষতিগ্রস্ত ভারত, সম্পর্কের টানাপড়েনে ওয়াশিংটন-দিল্লি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারত থেকে আমদানির ওপর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই ধাপে মোট ৫০ শতাংশ শুল্ক ২৭ আগস্ট (বুধবার) থেকে কার্যকর হয়েছে। সাম্প্রতিক কৌশলগত ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কে এই পদক্ষেপ নতুন টানাপড়েন তৈরি করেছে।

ওয়াশিংটনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আগে থেকেই চালু ২৫ শতাংশের সঙ্গে যুক্ত হওয়ায় পোশাক, রত্ন ও গয়না, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাব ও রাসায়নিকসহ বহু পণ্যে কার্যকর শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটসহ দেশের হাজার হাজার ক্ষুদ্র রপ্তানিকারক ও কর্মসংস্থান এতে ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঁচ দফা আলোচনায় সমাধান না মিললেও নতুন করে আলোচনার ইঙ্গিত মেলেনি। ভারতীয় পক্ষের একটি সূত্র জানিয়েছে, দিল্লি আশা করেছিল আমেরিকা অন্তত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক পুনর্বিবেচনা করবে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ব্লুমবার্গ টেলিভিশনকে বলেন, “এটা সহজ—ভারত যদি রাশিয়ান তেল কেনা বন্ধ করে, তাহলে আগামীকালই ২৫ শতাংশ ছাড় পেতে পারে।” ওয়াশিংটনের দাবি, ভারতের রুশ তেল কেনা ইউক্রেনযুদ্ধে মস্কোর তহবিল জোগাচ্ছে এবং নয়াদিল্লি এতে লাভবান। ভারত এটিকে ‘দ্বৈত মান’ আখ্যা দিয়ে বলছে, রাশিয়ার সঙ্গে আমেরিকা ও ইউরোপের বাণিজ্য এখনো চলমান।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সাংবাদিকদের বলেন, “আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি, যেন অর্থনীতির ক্ষতি না হয়… আমাদের উদ্বেগ শুধুই জ্বালানি নিরাপত্তা; যে দেশ থেকেই লাভ হোক, আমরা জ্বালানি উৎস ক্রয় চালিয়ে যাব।”

২০২৪ সালে দুই দেশের দ্বিমুখী পণ্য বাণিজ্য ছিল ১২৯ বিলিয়ন ডলার; ওয়াশিংটনের ৪৫.৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। রপ্তানিকারক গোষ্ঠীগুলোর হিসাবে, আমেরিকামুখী ভারতের ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানির প্রায় ৫৫ শতাংশ এই শুল্কে ক্ষতিগ্রস্ত হতে পারে—যা ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের সুযোগ করে দিতে পারে। টেকসই উচ্চ শুল্ক স্মার্টফোন-ইলেকট্রনিক্সে ‘চীনের বিকল্প’ হিসেবে ভারতের উত্থানও মন্থর করতে পারে।

তবু বিশ্লেষকদের মতে, কাঠামোগত সংস্কার এবং ‘সংরক্ষণ নীতি’ বজায় রেখে ওয়াশিংটনের সঙ্গে সঙ্কট নিরসনে উদ্যোগ নিলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির জন্য এটি ‘চূড়ান্ত ধস’ নাও হতে পারে।