বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইরান কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না : খামেনি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটি কখনোই আমেরিকার কাছে মাথা নত করবে না। রাজধানী তেহরানের এক মসজিদে রবিবার দেওয়া বক্তব্যে তিনি আমেরিকার প্রভাব ও চাপের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানান। বক্তব্যটি পরে তার সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

খামেনি বলেন, ইরানকে পরাধীন করার যেকোনো প্রচেষ্টার প্রতিরোধে জনগণকে দৃঢ় থাকতে হবে। তিনি আমেরিকার “হস্তক্ষেপমূলক ভূমিকা”র সমালোচনা করে জাতীয় ঐক্য জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার দুই মাস পর আমেরিকার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান আসে খামেনির কাছ থেকে। সেই যুদ্ধে আমেরিকান বাহিনী সীমিতভাবে অংশ নেয় এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায়—এমন তথ্যও প্রকাশিত হয়েছে।

ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে। খামেনির ভাষ্যে, জাতীয় ঐক্য ও জনগণের দৃঢ় অবস্থানই যেকোনো আলোচনায় দেশের স্বার্থ রক্ষায় মূল শক্তি হিসেবে কাজ করবে।

আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন, গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও আমেরিকা যে হামলা চালিয়েছিল, তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ।

তিনি বলেন, একেবারে যুদ্ধের শুরুতেই ইরান আক্রান্ত হওয়ার পরদিনই আমেরিকার অ্যাজেন্টরা ইউরোপে বৈঠক করেছেন।

সেই বৈঠকে সরকারের পতনে কারা ইসলামী প্রজাতন্ত্র শাসন করবেন, সে বিষয়ে আলোচনা করেছিলেন। খামেনি বলেন, আমেরিকার আসল উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো চালানো এবং ওয়াশিংটনের ‘আনুগত্যে বাধ্য করা’।

তবে জুনের যুদ্ধ ইরানকে ভাঙেনি, বরং আরো শক্ত করেছে বলে মনে করেন দেশটির এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ‘ইরানি জাতি দেশের সেনাবাহিনী, সরকার ও ব্যবস্থার পাশে থেকে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে।