ফিলিস্তিনের গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে নেওয়ার লক্ষ্যে ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পিত প্রাথমিক ধাপ শুরু হয়েছে। এর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে অসহায় ও ক্ষুধার্ত মানুষ পালিয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানান।
গাজার পক্ষের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে বুধবার থেকে তীব্র বোমাবর্ষণ ও আর্টিলারি হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এবং শহরের উপকণ্ঠে ঘাঁটি স্থাপন করেছে। এ শহরে ১০ লাখের বেশি ফিলিস্তিনি বসবাস করেন।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাংবাদিকদের বলেন, “আমরা গাজা সিটিতে প্রাথমিক অভিযান ও আক্রমণের প্রথম ধাপ শুরু করেছি।” তাঁর দাবি, সেনারা জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে; জেইতুনে সাম্প্রতিক অভিযানে অস্ত্রভর্তি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গও শনাক্ত হয়েছে। ডেফরিন আরও জানান, বেসামরিক হতাহত কমাতে আগে থেকেই বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, জেইতুন ও সাবরা এলাকার পরিস্থিতি “অত্যন্ত ভয়ংকর ও অসহনীয়”। শহরের এসব পাড়া থেকে শত শত মানুষ উত্তর–পশ্চিম দিকে সরে গেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সতর্ক করেছেন, “এই আক্রমণ অবশ্যম্ভাবীভাবে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে।” আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েল অটল—এমন সংকেতও মিলছে। গত মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ এ পরিকল্পনার অনুমোদন দেন। বিষয়টি চলতি সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভায় ওঠার কথা।
আগ্রাসনে অংশ নিতে আগামী সেপ্টেম্বরের শুরুতে ৬০ হাজার সংরক্ষিত সেনা তলবের প্রস্তুতি চলছে; তাঁদের রণক্ষেত্রে থাকা সৈন্যদের বদলি হিসেবে মোতায়েন করা হতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় “শেষ সন্ত্রাসী ঘাঁটিগুলো দখলের সময়সীমা” তিনি কমাচ্ছেন। অন্যদিকে হামাসের অভিযোগ, নেতানিয়াহু নিরপরাধ বেসামরিকদের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালাচ্ছেন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীদের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করছেন। ইসরায়েল এখনো সে প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি।
গাজা সিটি দখলের পরিকল্পনা এগোতে থাকায় লক্ষাধিক মানুষকে দক্ষিণাঞ্চলে সরে যেতে নির্দেশ দেওয়া হতে পারে—এমন আশঙ্কা রয়েছে। ফ্রান্সসহ ইসরায়েলের বহু মিত্র এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির সতর্কবার্তা, নতুন করে বাস্তুচ্যুতি ও সহিংসতা বাড়লে গাজার ২১ লাখ মানুষের পরিস্থিতি আরও শোচনীয় হবে।
মানবিক সংকটের আশঙ্কা ঘনীভূত হওয়ার মধ্যেই গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান ধাপে ধাপে এগোচ্ছে; পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকেরা।




