দীর্ঘদিনের সীমান্ত বিরোধ মীমাংসায় বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে ভারত ও চীন। দুই দেশের বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৪তম দফা আলোচনার পর মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কমিটি ২০০৫ সালের পলিটিক্যাল প্যারামিটারস অ্যান্ড গাইডিং প্রিন্সিপালসকে ভিত্তি ধরে আইনি–রাজনৈতিক প্রক্রিয়ায় সীমারেখা নির্ধারণের গ্রহণযোগ্য সমাধান খুঁজবে। এই কাজটি ডব্লিউএমসিসিএর তত্ত্বাবধানে চলবে।
বৈঠকের আগে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলোচনার পর জারি করা বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ দ্রুততম সময়ে সরাসরি বিমান চলাচল পুনরায় চালু, কৈলাস–মানস সরোবর তীর্থযাত্রা সম্প্রসারণ এবং সীমান্ত বাণিজ্য পুনরারম্ভের বিষয়ে একমত হয়েছে; বাণিজ্য চলবে লেপুলেখ পাস, শিপকী লা ও নাথুলা প্রবেশদ্বার দিয়ে। পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদির চীনে অনুষ্ঠেয় এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের কথাও জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, ২৩তম দফা আলোচনার পর থেকে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে এবং উভয় পক্ষ মনে করে—সীমান্তে শান্তি ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর সম্পর্ক তীব্র অচলাবস্থায় পড়েছিল। সাম্প্রতিক ভূরাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন—বিশেষ করে আমেরিকার শুল্কনীতির কড়াকড়ি—দিল্লি–বেইজিং সমীকরণে নতুন বাস্তবতা তৈরি করেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।




