পাকিস্তানের উত্তরের ৩ প্রদেশে দুই দিনের ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার ফলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জন, যার মধ্যে ২ শতাধিকই খাইবার পাখতুনখোয়ার বুনের অঞ্চলের বাসিন্দা। এখনও নিখোঁজ অর্ধশতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। খাইবার পাখতুনখোয়ার ৯টি অঞ্চলে গোটা মাসজুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার।
রবিবার পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এসব তথ্য পাওয়া গেছে।
প্রবল বর্ষণ খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় আঘাত হানে। ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা, বজ্রপাত এবং ভূমিধসের কারণে এটি চলতি বর্ষার মৌসুমের সবচেয়ে প্রাণঘাতী বর্ষণ হিসেবে ধরা হচ্ছে বলে অনেক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের জেলা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু এই জেলাতেই অন্তত ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সামগ্রিকভাবে পুরো প্রদেশজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৪০ ছাড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতের সংখ্যা শতাধিক, তাদের অনেকের অবস্থা গুরুতর। পাশাপাশি নিখোঁজ রয়েছেন অনেকে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।
বন্যায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ও সেতু ভেসে গেছে। বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোয়াত, শংলা ও বজাউরসহ বিভিন্ন জেলায় হাজারো পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি, তবে তা ধারণার অতীত।
উদ্ধারকাজে সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যুক্ত হলেও বিপর্যস্ত সড়ক ও ভেঙে যাওয়া সেতুর কারণে দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এক পর্যায়ে একটি উদ্ধার হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে পাঁচজন নিহত হন। এই ঘটনায় উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে উঠেছে। তবু নৌকা ও অস্থায়ী ভেলা ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।
সরকার ইতোমধ্যে জরুরি সহায়তা পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে খাদ্য, ওষুধ, তাঁবু ও কম্বলবাহী ডজনখানেক ট্রাক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয় ও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শহবাজ শরিফ জানিয়েছেন, “মানবিক সংকট মোকাবেলায় সরকারের সব সক্ষমতা কাজে লাগানো হবে।”
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তানে এমন অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা বাড়ছে, যা পাহাড়ি অঞ্চলগুলোকে ভয়াবহ বিপদের মুখে ফেলছে।
হঠাৎ আসা এই বন্যায় গোটা খাইবার-পাখতুনখোয়া প্রদেশ শোকের ছায়ায় আচ্ছন্ন। অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি সহায়তা ছাড়া এই বিপর্যয় মোকাবিলা করা কঠিন হবে বলে মত স্থানীয় প্রশাসনের।




