দুই দেশের যৌথ সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৮ থেকে ২০ আগস্ট ওয়াং ই নয়াদিল্লি সফরে যাবেন। এ সময় তিনি চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে অংশ নেবেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওয়াং ই সোমবার নয়াদিল্লি পৌঁছাবেন। এর আগে গত জুলাই মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বেইজিং সফর করেছিলেন।
২০২০ সালে সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণহানির পর সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়। যদিও হিমালয়ের দুর্গম সীমান্ত দিয়ে অতীতে বাণিজ্য সীমিত আকারে চলত, সেটি পুনরায় শুরু হলে তা প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসা এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি সম্পর্কের নতুন ভারসাম্য গড়ার পথে হাঁটছে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা দুই দেশকেই ঘনিষ্ঠ আলোচনার দিকে নিয়ে যাচ্ছে।
কয়েক সপ্তাহ আগে চীনা ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার পাশাপাশি সরাসরি ফ্লাইট চালু করা ও পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে।




