গাজা সিটি পুনর্দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী বুধবার দিনভর তীব্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিনের হামলায় অন্তত ১২৩ জন নিহত হয়েছেন—যা গত এক সপ্তাহে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধে শুরুর দিকে গাজা সিটি দখল করলেও পরে সেখান থেকে সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল। এবার আবারও নগরী দখলে নিতে স্থল অভিযান শুরু করেছে তারা, যা সম্পন্ন হতে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এই অভিযানে গাজা সিটির প্রায় ১০ লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে।
গাজার পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ ও তাল আল-হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ট্যাংকের অগ্রযাত্রা দেখা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় নতুন অভিযানের রূপরেখা অনুমোদন দেওয়া হয়েছে, যা গাজা সিটি দখলের লক্ষ্যে পরিচালিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি বিমান ও ট্যাংক বুধবার গাজা সিটির পূর্বাংশে জেইতুন ও শেজাইয়া এলাকায় বোমা ও গোলাবর্ষণ চালিয়েছে। আল-আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনে এক বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হন। এছাড়া দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাংশে ট্যাংক হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।
গাজার মধ্যাঞ্চলে পৃথক ঘটনায় ত্রাণের খোঁজে আসা নয়জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা। তবে এসব ঘটনায় ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অনাহার ও অপুষ্টিতে ভুগে তিন শিশুসহ আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫, যার মধ্যে ১০৬ জন শিশু। ইসরায়েল এসব সংখ্যার সত্যতা নিয়ে আপত্তি জানিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় কেরেম শালোম ও জিকিম ক্রসিং দিয়ে প্রায় ৩২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোও সমপরিমাণ ত্রাণ বিতরণ করেছে। এছাড়া তিনটি ট্যাংকার থেকে জ্বালানি বিতরণ ও বিমান থেকে ৯৭ প্যালেট ত্রাণ ফেলা হয়েছে। তবে জাতিসংঘ ও ফিলিস্তিনি পক্ষ জানিয়েছে, চাহিদার তুলনায় এই ত্রাণ অপ্রতুল।




